চলতি বছর বিশ্বে খুন হয়েছেন ৬৬ সাংবাদিক
|
 |
 |
 |
|
Thu 22 Dec 2011 6:54 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ২২ ডিসেম্বর (আরটিএনএন ডটনেট)-- চলতি বছর বিশ্বে কমপক্ষে ৬৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৫৭ জন। আর সাংবাদিকতার জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ মিশর, সিরিয়া ও লিবিয়া।
বৃহস্পতিবার প্যারিসভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সংবাদকর্মীদের অধিকাংশকে হত্যা করা হয়েছে। এছাড়া এখনো অসংখ্য সংবাদকর্মী জেলে বন্দি আছেন। আর অজ্ঞাত সংখ্যক সাংবাদিক অপহরণের শিকার হয়েছেন।
দেশ হিসেবে সংবাদকর্মী নিহতের পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান। দেশটিতে চলতি বছর কমপক্ষে ১০ জন সাংবাদিককে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে।

আর অঞ্চল হিসেবে হত্যার এ তালিকার শীর্ষে আছে মধ্যপ্রাচ্য। চলতি বছরে এই অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক ২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর পরের অবস্থানে আছে আমেরিকা। তাদের অঞ্চলে হত্যার এ সংখ্যা ১৮। এশিয়াতে এ সংখ্যা ১৭ জন। আফ্রিকায় ৯ জন। আর সবচেয়ে কম ইউরোপে দুজন।
সব মিলে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১১ সালে আরব বিপ্লব, মেক্সিকোয় দলীয় অপরাধ এবং পাকিস্তানে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
প্যারিসভিত্তিক আরএসএফ জানায়, চলতি বছর আরব বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা ‘আরব বসন্ত’- এর সহিংসতায় এবং গ্রিস, বেলারুশ, উগান্ডা, চিলি ও আমেরিকার রাস্তায় বিভিন্ন আন্দোলন চলাকালে এক হাজার ৪৪ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
এতে আরো জানানো হয়, মিশর, পাকিস্তান ও ফিলিপাইনের রাজনৈতিক অস্থিতিশীলতা সাংবাদিক নির্যাতনের জন্য উল্লেখযোগ্য ঘটনা। চীন, ইরান এবং ইরিত্রিয়াতে বহু সাংবাদিককে জেলে বন্দি করা হয়েছে।
আরএসএফ বিশ্বের ১০টি স্থানকে সাংবাদিকতার জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে আইভরি কোস্টের রাজধানী আবিদজান ও মিশরের তাহরির স্কয়ার ও পাকিস্তানের খুজদার অন্যতম।

এছাড়া, আরব বসন্তের সূচনা কেন্দ্র দীরা, হোমস ও ইয়েমেনের রাজধানী সানা এবং লিবিয়ার মিশরাতাও এ তালিকার শীর্ষভাগে রয়েছে।
প্রতিবেদনে গত বছর বিশ্বে ৫৭ জন সাংবাদিক নিহত হয়েছে উল্লেখ করে ২০০৭ সালে ইরাক যুদ্ধ চলাকালীন সময়কে বিগত কয়েক দশকের মধ্যে সাংবাদিকতার জন্য সবচেয়ে দুঃসময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সময়ে বিশ্বে ৮৭ জন সাংবাদিক নিহত হন।
আরটিএনএন ডটনেট/ওয়েবসাইট/একেএ/এমআই_ ১১৪২ ঘ.
|
|
|
|