পোশাক শিল্পে নৈরাজ্যে সরকারের ভ্রান্ত নীতি দায়ী: ফখরুল
|
 |
 |
 |
|
Fri 30 Jul 2010 9:17 PM BdST
|
ঢাকা, ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- সরকারের ভ্রান্ত নীতির কারণেই দেশের পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘পোশাক শিল্পে সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ নৈরাজ্য ও অচলাবস্থা সৃষ্টির জন্য সরকারের ভ্রান্তনীতি দায়ী। সরকার যথাযথ পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের যে সকল পদক্ষেপ নেয়া উচিত ছিল তা তারা নেয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমঝোতার জায়গায় সরকার পৌঁছতে ব্যর্থ হয়েছে।
আর এ কারণেই গার্মেন্টস শিল্পে ‘দুরবস্থা’ সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
এর আগে সদ্য কারামুক্ত সংসদ সদস্য ও বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত ২৭ জুন শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালনের সময় এ্যানির ওপর কেবল নির্যাতন চালিয়েই সরকারি দলের ক্যাডার ও পুলিশ ক্ষান্ত হয়নি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওইদিন তাকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।’
প্রসঙ্গত, গত ২৭ জুন বিএনপি ঘোষিত হরতাল কর্মসূচি পালনের সময় এ্যানিকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। অবশেষে গত ২৭ জুলাই মঙ্গলবার এ্যানি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন।
আগামীকাল শনিবার বিএনপি’র নির্বাহী কমিটির বৈঠক সম্পর্কে মির্জা ফখরুল জানান, দলের সাংগঠনিক অবস্থাসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
সংবিধান সংশোধন নিয়ে আলোচনার ক্ষেত্রে নির্দিষ্ট কোন এজেন্ডা না থাকলেও রাজনৈতিক সকল বিষয়ই আলোচনা হতে পারে বলে তিনি জানান।
এ সময়ে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সংসদ সদস্য জয়নুল আবেদিন, আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফউদ্দিন, দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরটিএনএন ডটনেট/এমই/আইএইচ_ ২১১৫ ঘ.
|
|