| ফারুক হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি রাবি শিক্ষকদের
|
 |
 |
 |
|
Wed 10 Mar 2010 11:17 PM BdST
|
রাজশাহী, ১০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র ফারুক হোসেন হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের শিক্ষকরা।
বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
রাবি জাতীয়তাবাদী শিক্ষক দলের আহ্বায়ক প্রফেসর ড. মু. আজহার আলী বলেন, ফারুক হত্যাকে পুঁজি করে সারাদেশে আজ গণগ্রেপ্তার চলছে। ছাত্রলীগের হাঙ্গামা, লুটপাট ও চাঁদাবাজির কারণে ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ নষ্ট হয়েছে উল্লেখ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
ড. আজহার অভিযোগ করে বলেন, সরকার দিন বদলের কথা বলে নাম বদলের সরকারে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে সম্প্রতি জিয়া উদ্যানের নাম ফলক ভেঙ্গে ফেলা, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন ও শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় থেকে জিয়ার নাম বাদ দেয়ার তীব্র প্রতিবাদ জানানো হয়।
শহীদ জিয়ার মাজার ও তার মর্যাদার প্রতি প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের অসত্য ভাষণ ও কটূক্তির নিন্দা জানান ড. আজহার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আমিনুল ইসলাম, রাবির সাবেক ভিসি প্রফেসর ড. মামনুনুল কেরামত, প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দীকি, জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. সিএম মোস্তফা প্রমুখ।
এদিকে ছাত্রলীগের চাপের মুখে রাবির বঙ্গবন্ধু হলের আওয়ামীপন্থী প্রভোস্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ পদত্যাগ করেছেন।
তবে তিনি পদত্যাগ পত্রে ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে পদত্যাগপত্র রেজিস্ট্রার অফিসে পাঠানো হয়েছে।
আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এমইউএ/এসআই_ ২৩১৩ ঘ.
|
|