| সিম ক্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত
|
 |
 |
 |
|
Wed 10 Mar 2010 10:57 PM BdST
|
ঢাকা, ১০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- মোবাইল ফোনের সন্ত্রাস বন্ধে নতুন সিম কার্ড ক্রয়ের ক্ষেত্রে আরো কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ মোবাইল ফোনের সিমকার্ড কিনতে পারবে না।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মিথ্যা পরিচয়ে সিমকার্ড বিক্রি বন্ধে মোবাইল অপারেটর এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে সাহারা খাতুন বলেন, সিম কার্ডের আবেদন ফরমে এখন থেকে বাধ্যতামূলকভাবে জাতীয় পরিচয় পত্রের আইডি নম্বর লিখতে হবে।
আইডি নম্বরের সত্যতা যাচাই করতে মোবাইল অপারেটররা নির্বাচন কমিশনের সহায়তা পাবেন বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিস্ট্রিবিউটর থেকে ডিলার এবং সাব ডিলার হয়ে পানের দোকানদারের কাছেও যাতে সিম না পাওয়া যায় সেটা শক্ত হাতে রোধ করা হবে।
তিনি বলেন, কমিটির সুপারিশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মোবাইল ফোন কোম্পানির সমন্বয়ে পৃথক দুটি কমিটি করা হবে। কমিটির সদস্যরা গোটা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
এসময় গৃহিত এ সিদ্ধান্ত দুই/এক দিনের মধ্যে কার্যকর করতে মোবাইল ফোন কোম্পানির প্রতিনিধিদের আহ্বান জানান তিনি।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১৮ বছরের কম বয়সী কোনো ক্রেতা সিমকার্ড কিনতে পারবে না। আইডি নম্বরের পাশাপাশি ক্রেতার একজন শনাক্তকারী থাকতে হবে।
আর রেজিস্ট্রেশন ফরম সঠিক ভাবে পূরণ নিশ্চিত করতে সিমকার্ড বিক্রেতাদের কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।
প্রসঙ্গত, চাঁদাবজি ও হুমকি দেয়া সহ নানা সন্ত্রাসী কাজে ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন। এসব সমস্যা দূর করতে সম্প্রতি বিটিআরসি চেয়ারম্যান জিয়া ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বৈঠকে সুপারিশমালা পেশ করে।
সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক ও বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরটিএনএন ডটনেট/আইএইচ/এসআই_ ২২৫০ ঘ.
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|