চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীতে বাস ধর্মঘট, দুর্ভোগ চরমে
|
 |
 |
 |
|
Tue 9 Mar 2010 10:32 PM BdST
|
ঢাকা, ০৯ মার্চ (আরটিএনএন ডটনেট)-- চাঁদাবাজি নিয়ে বাস মালিকদের দুই গ্রুপের বিরোধের জের ধরে একপক্ষের ডাকে রাজধানীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে অধিকাংশ পরিবহন কোম্পানি।
মঙ্গলবার সকালে মিরপুর এলাকায় মালিকদের এক সমিতির নামে চাঁদা তোলার সময় অন্যপক্ষ এর প্রতিবাদ করলে সন্ত্রাসীদের হামলায় এক মালিক আহত হয়। ওই ঘটনার জের ধরে দুপুর থেকে ধর্মঘট শুরু হয়।
চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর সাতটি রুটে চলা প্রায় আড়াই হাজার সিটি বাস এই ধর্মঘটের সমর্থনে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে অফিস শেষে বাসায় ফিরতে চরম বিড়ম্বনার শিকার হয় রাজধানীর কর্মজীবী মানুষ।
মালিকরা জানায়, ঢাকা সড়ক পরিবহন সমিতির নামে মালিকদের আরেকটি সংগঠনের প্যাডে লেখা কুপনে গাড়ি প্রতি ৭০ টাকা হারে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করলে গাড়ি চলতে না দেয়ার হুমকি দেয়া হয়।
মালিক পক্ষের অভিযোগ পথে পথে চাঁদাবাজির প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ করার পর ‘দেখছি’ বলে পরবর্তীতে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।
শতাব্দী ও বাহন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শরিফ উদ্দিন খন্দকার সংবাদ সম্মেলনে জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে কোম্পানি ভিত্তিতে পরিচালনাকারী পরিবহন মালিকরা মঙ্গলবার দুপুর ২টা থেকে ধর্মঘটের আহ্বান করেছে।
তিনি বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে মুক্তি দিতে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদেরকে নিরাপদে পরিবহন ব্যবসা পরিচালনা এবং যাত্রীসেবার সুযোগ দেয়া হোক।’
আরটিএনএন ডটনেট/এসআই/এমআই_ ২২৩৩ ঘ.
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|